প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের মতবিনিময়- নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চায়। পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলেই বুঝতে হবে, পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এতে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন।
পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত বেশি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।
পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ যে অন্যদের থেকে আলাদা, তা শুধু পুলিশ নিজে মনে করলেই হবে না; সাধারণ মানুষকে পুলিশের কাজ ও আচরণের মাধ্যমে সেটি উপলব্ধি করতে হবে।
জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্কের পরিবর্তনের প্রসঙ্গ তুলে হাসান মো. শওকত আলী বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না। সিএমপির পক্ষ থেকে বলতে চাই, জনগণের পুলিশ হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই।
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বিভাজন দূর করা সম্ভব। সংবাদ হতে হবে সত্যনিষ্ঠ এবং সেই সত্যই সংবাদে তুলে ধরতে হবে।
পুলিশের সেবা প্রসঙ্গে তিনি বলেন, সিএমপিতে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নগরের ৭০ লাখ মানুষের সার্বিক খবর রাখা পুলিশের পক্ষে একা সম্ভব নয়। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশি সেবা ও সমস্যা সমাধানের কাজ আরও সহজ হবে।
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকেরা দিনরাত কাজ করছেন। নানা প্রতিকূলতার মধ্যেও এ দুই পেশার মানুষ জনগণের সেবায় নিয়োজিত। সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলে জনগণের প্রত্যাশা পূরণ সহজ হবে।
তিনি আরও বলেন, এই জুলাই মাসে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। পরিবর্তনের ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেস ক্লাবেও পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিকেরা একসঙ্গে কাজ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সালেহ নোমান, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য ওয়াহিদ জামান ও সাইফুল ইসলাম শিল্পী, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম।
সিএমপির পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপকমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ নূর।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপকমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, উপকমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপকমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপকমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন, উপকমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত উপকমিশনার (সদর) শ্রীমা চাকমা ও সহকারী কমিশনার (সদর) আমিনুর রশিদ।
বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।



