চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রী

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট—জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনের আগে তিনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আপনাদের মাঝে এসেছি এই ঘোষণা দিতে এবং আপনাদের সহযোগিতা চাইতে। প্রথমেই প্রেস ক্লাব থেকে আমাদের যেভাবে বরণ করে নিয়েছেন, সে জন্য প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সাংবাদিককে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আন্তকলেজ পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী চট্টগ্রাম স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আদলে আনন্দঘন পরিবেশে এই আয়োজন করা হবে, যাতে খেলোয়াড়েরা উৎসাহিত হন।
শিক্ষামন্ত্রী বলেন, এ আয়োজন সফল করতে মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিভাগীয় কমিশনার, পুলিশ বিভাগ, শিক্ষা বোর্ড, সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধী সমাজ ও সাংবাদিকরা। দেশের ১৮ কোটি মানুষের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের ন্যায্য অবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহসভাপতি ডেইজি মওদুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমদ শাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।



