ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়: প্রেস ক্লাব-কোস্টগার্ড প্রীতি ম্যাচ

ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার নামে বিভক্ত হয়ে দুই দলের খেলোয়াড়েরা ম্যাচে অংশ নেন। পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।বুধবার (২ জুলাই) বিকেলে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন এর খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোনের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার নামে বিভক্ত হয়ে দুই দলের খেলোয়াড়েরা ম্যাচে অংশ নেন। পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
বুধবার (২ জুলাই) বিকেলে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন এর খেলার মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমান। উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপকমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজসহ কোস্টগার্ড পূর্ব জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ম্যাচের ২৯ মিনিটে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এক খেলোয়াড়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় ব্রাজিল। একপর্যায়ে গোল করে সমতায় ফেরে দলটি। শেষ মুহূর্তে আবারও গোল করে ২-১ ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়। রেফারির শেষ বাঁশি বাজতেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা।
খেলা শেষে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিজানুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। অন্যদিকে, কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের হাতে সম্মাননা স্মারক এবং দুটি বৃক্ষ উপহার দেওয়া হয়।
প্রীতি ম্যাচটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং কোস্টগার্ড পূর্ব জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।



