স্বপন দত্ত একজন নিবেদিতপ্রাণ অভিজ্ঞ সাংবাদিক। বর্তমানে তিনি অবসরকালে এস্টাব্লিশমেন্ট বিরোধী প্রতিবাদী লিটল ম্যাগাজিন স্পার্ক জেনারেশন পুনঃপ্রকাশে সচেষ্ট। দৈনিক পূর্বকোণে সহকারি সম্পাদক থাকাকালে তাঁর সম্পাদনায় শিশুসাহিত্য পাতা “কলরোল” ব্যাপক পরিচিতি লাভ করে। তিনি শিশু সাহিত্যিকদের আন্তরিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। এতে চট্টগ্রামে শিশুসাহিত্য ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছে। তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা অর্ধশতাব্দীরও বেশি। পেশায় সাংবাদিক হলেও তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা কবি। সাহিত্যচর্চায় তাঁর সৃষ্টিশীলতা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে。
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
স্বপন দত্তের কবিজন্ম মূলত লিটল ম্যাগাজিনকে সারথি করে। বস্তুপৃথিবীর কণ্টকিত জীবনে চলছে মানুষের যে সংগ্রাম, নিয়ত মুষ্টিবদ্ধ হয় অস্তিত্বের যে ঘোষণা, কবিতার বিনির্মাণে স্বপন দত্ত সেখানে এক নির্মোহতার প্রত্যয়দৃঢ় অবস্থান নিয়ে শ্রমিকের মতো পবিত্র সৃষ্টিশীলতাকে ধারণ করে শ্রম দিয়ে চলেছেন। ঔপনিবেশিক আমলের স্বদেশী আন্দোলনের এক পীঠভূমি চট্টগ্রামের পটিয়া উপজেলার গৈড়লা গ্রামে তাঁর জন্ম, ১৯৪৭ খৃস্টাব্দের ৯ই মে তারিখে। স্বদেশী-বিপ্লবী পিতার সাহচর্যে ছেলেবেলা থেকেই তাঁর প্রগতিশীল বাম রাজনীতির আদর্শে পথচলা শুরু। ছাত্রজীবনের পরিণত দিনগুলোতে গ্রাম দিয়ে শহর ঘেরাও করার সাম্যবাদী রাজনৈতিক দর্শনে ক্রমশ আস্থাশীল হয়ে ওঠেন। বাণিজ্যে স্নাতক হবার প্রাক্কালেই ঊনসত্তুরের গণ-অভ্যুত্থানের প্রাক-প্রস্তুতির পর্বে কবিতাকে পুঁজি করেই তাঁর প্রবেশ সাহিত্যের আনন্দভুবনে অভিযাত্রী হয়ে。
স্বপন দত্ত চরিত্রগত ভাবে মূলত একজন নিভৃতচারী কবি। লিটল ম্যাগাজিনই তাঁর প্রিয় আশ্রয়। বেড়ে ওঠা ছোট কাগজগুলোর জগতে বিচরণ করে। সেই অর্থে স্বপন দত্ত ও লিটল ম্যাগাজিন এক ও অভিন্ন সত্তা। ১৯৭৩ খৃষ্টাব্দে, স্বাধীনতার অব্যবহিত পরবর্তী দিনগুলোতে এস্টাব্লিশমেন্ট বিরোধী প্রতিবাদী সাহিত্য আন্দোলনের মাধ্যমে ‘স্পার্ক জেনারেশন,তৎকালীন স্বাধীনতাপূর্ব পাকিস্তানি মানসপ্রভাবিত পশ্চাৎপদ চট্টগ্রামে জাগরণের উজ্জীবনী সূচনা করেছিলো। সেই যুক্তিবাদী আন্দোলনে স্বপন দত্ত ছিলেন পুরোধা ব্যক্তিত্ব。
স্বপন দত্তের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— স্বপ্নের বসতবাটী ও অন্তর্লীন চাষ-আবাদ (১৯৮০), কুরুক্ষেত্রের কালোপ্রহরে অমৃতসমান বৃষ্টিপাত (১৯৯৬), পান করি জতুগৃহে অনন্ত যৌবন (১৯৯৬), জেগে আছি ভালোবাসা একুশ বছর (১৯৯৭), রূপসাগরে পর্যটন কায়া করতালি (১৯৯৯), পাকদণ্ডী পেরুলেই শিহরিত সূর্যোদয় (২০০৮), নীলকণ্ঠ বাংলাদেশ নুহের তরণী (২০১৪), স্বপন দত্তের নির্বাচিত কবিতা ( ২০২০)।
তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে— লিটল ম্যাগাজিন ‘আয়না’ (১৯৬৮), এস্টাব্লিশমেন্ট বিরোধী প্রতিবাদী সাহিত্য আন্দোলনের মুখপত্র ‘স্পার্ক জেনারেশন’ ( ১৯৭৩-১৯৮৬ ), স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম সাহিত্য মাসিকপত্র ‘মনন’ (১৯৭২), সাময়িকী সংকলন রোববার (১৯৭৩-৭৭)।