আসসালামু আলাইকুম
১৯৬৯ সালে বিএ পরীক্ষা দিয়ে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় প্রবেশ পংকজ কুমার দস্তিদারের। ১৯৭১-এর ৩ এপ্রিল শিক্ষকতা ছেড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ভারতের উত্তর প্রদেশের (উত্তরাখণ্ড) দেরাদুনে বিশেষায়িত গেরিলা ট্রেনিং গ্রহণ করে বিএলএফ মুজিব বাহিনীর সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে পূর্বাঞ্চলীয় অধিনায়ক শেখ ফজলুল হক মনির অধীনে উত্তর চট্টগ্রামের রণাঙ্গণে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি সাংবাদিকতায় আসেন। জাতীয় দৈনিক গণকণ্ঠের চট্টগ্রাম অফিসে ১ বছর ৬ মাস কাজ করেন। ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এমএ (প্রিলি) ভর্তি হন। বিভাগ থেকে স্টাইপেন্ডও পান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে দেশত্যাগ করে ভারতে চলে যান তিনি। ৮ মাস পর দেশে ফেরেন। পরের ৪ বছর শিক্ষকতা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যুক্ত ছিলেন। এরপর আবার সাংবাদিকতায় ফিরে আসেন। এমএ পরীক্ষা আর দেওয়া হয়নি। বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় (বাংলা ও ইংরেজি) ৪৪ বছর ধরে সাংবাদিকতায় আছেন তিনি। ১৯৯০-৯১ সালে দেড় বছর ছিলেন সোভিয়েত দূতাবাসের সিনিয়র সাংবাদিক (সিনিয়র এডিটর ট্রান্সলেটর)। এ ছাড়া ব্যবসাবিষয়ক সাময়িকী COLORS (Dhaka, New York, London), Business Times (A Global Business Magazine from Bangladesh), Weekly Friday (Dhaka), Feature Writer হিসেবে কাজ করেছেন。