আসসালামু আলাইকুম
পিতা মন্ত্রীসেন বড়ুয়া ও মাতা বাণ্ডুবালা বড়ুয়ার গর্ভে ১৯৬৯ সালের ১ জানুয়ারি অমিত বড়ুয়া জন্মগ্রহণ করেন বাঁশখালী থানার জলদী গ্রামে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে দীর্ঘদিন সাহিত্য সম্পাদক পদে কর্মরত আছেন তিনি। দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে লেখালেখিতে সক্রিয়। কিশোরকবিতাই তার প্রধান চর্চিত মাধ্যম তবে ছড়ায়ও দক্ষতা অনস্বীকার্য। গল্প প্রবন্ধও তিনি অনেক লিখেছেন। তাঁর ছড়া ও কিশোরকবিতায় আছে চমৎকার ধ্বনিমাধুর্য, সাবলীল গতি। ছড়া ও কবিতায় তিনি যে দৃশ্য আঁকেন তা নতুন ও স্বতন্ত্র। তাঁর প্রকাশ বৈচিত্র্য মনোমুগ্ধকর। তাঁর ছড়াকবিতায় শিশুমনস্তত্ব, খোলা আকাশের হাতছানি, সামাজিক অসংগতি, প্রকৃতি ও গভীর দেশপ্রেম, অকৃত্রিমতা আর ছড়া কবিতার চিরকালীন সুর। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৯টি। তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কারসহ বেশ ক'টি উল্লেখযোগ্য পুরস্কার।