জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
আলাউদ্দীন মাজিদের জন্ম চট্টগ্রাম শহরের অভয়মিত্র ঘাট লেইনে। তার পিতা মরহুম কুতুবউদ্দীন আহমেদ পেশায় ছিলেন একজন প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট। এর আগে তিনি মহকুমা খাদ্য নিয়ন্ত্রকও ছিলেন। আলাউদ্দীন মাজিদ ১৯৭৮ সালে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮০ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি, ১৯৮২ সালে বিএ এবং ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। চট্টগ্রাম আইন কলেজে আইন বিষয়ে পড়াশোনাও করেন।
১৯৯০ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা পত্রিকায় সাব এডিটর হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। ২০১০ সালে ঢাকায় গিয়ে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগদান করেন এবং এখনও কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের সদস্যপদ লাভ করেন。
সাংবাদিকতার পাশাপাশি বেশ কটি টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় ও নাটক-চলচ্চিত্র প্রযোজনা করেন। তার নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘স্বপ্নের সীমান্ত’, ’নীল আকাশের নীল তারা’, ’তুমি এলে তাই’ প্রভৃতি। অন্যদিকে প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল—’অপরাধী সন্তান’, ’ময়দান’ ইত্যাদি। বেশ কটি চলচ্চিত্র ও গল্প গ্রন্থও রচনা করেছেন তিনি।
পেশাগত সারসংক্ষেপ ও অবদান
দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন আলাউদ্দীন মাজিদ। বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিদিন ঢাকা অফিসে সিনিয়র সাব এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রামের দৈনিক নয়াবাংলায় কাজ করেছেন।